চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে এক হাজার পিস ইয়াবা ও চার হাজার পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোররাত আড়াইটার সময় চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাছান উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী এন.আর ট্রাভেলস বাস তল্লাশি চালিয়ে যাত্রী বেশে ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার উখিয়া থানার রাজা পালং ইউনিয়নের টাইপালং এলাকার আমির আলীর ছেলে মো. জামাল উদ্দিন (২০) ও টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের দক্ষিণ কচুবুনিয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ইব্রাহিমকে (২৪) আটক করে।
এছাড়া একই স্থানে শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার সময় উপ পরিদর্শক (এসআই) মো. হাছান উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী বাসে করে যাত্রী বেশে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট চোরাচালানের মাধ্যমে পাচারকালে চার হাজার পিস বিদেশি সিগারেটসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের আকবরশাহ থানার বিশ্ব ব্যাংক কলোনি আবাসিক এলাকার (সাং-১৬৭/বি ব্লক) মো. আব্দুস সামাদের ছেলে মো. আব্দুল মতিনকে (৩০) আটক করে।
ইয়াবা ও সিগারেটসহ আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।